এএইচএফ কাপ

আশরাফুলের হ্যাটট্রিকে ইরানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

শুরুতে গোল করে বাংলাদেশ দলকে ভয় পাইয়ে দিয়েছিল ইরান! কিন্তু তাদের অগ্রগামিতা বেশি সময় থাকেনি। ৫ মিনিটের মধ্যে ম্যাচ সমতায় ফেরায় লাল-সবুজের দল। পরে একের পর এক লক্ষ্যভেদ করতে থাকে। ডিফেন্ডার আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে এই ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) এএইচএফ কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল।

জাকার্তার জিবিকে হকি ফিল্ডে ম্যাচ ঘড়ির ৪ মিনিটে ইরান এগিয়ে যায়। সতীর্থের পাসে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে জোরালো হিটে দলকে এগিয়ে নেন সালেহিপোর মোহাম্মাধালি।

৫ মিনিট পর বাংলাদেশ সমতায় ফেরে। রাসেল মাহমুদ জিমির পুশে সারোয়ার হোসেনের থামানো বলে আশরাফুল ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন।

২৯ মিনিটে আবারও এক কম্বিনেশনে গোল। জিমির পুশে সারোয়ারের থামানো বলে আশরাফুল ব্যবধান দ্বিগুণ করেন। ৩ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন।

গোল উৎসব এখানেই থামেনি বাংলাদেশের। ৩৬ মিনিটে আবারও লক্ষ্যভেদ। মিলন হোসেন চতুর্থ গোল করে প্রতিপক্ষকে প্রায় ছিটকেই দেন। ৩ মিনিট পর আশরাফুল ইসলাম হ্যাটট্রিক করেন। পেনাল্টি কর্নার থেকে দলকে উপহার দেন পঞ্চম গোল।

তবে ৪১ মিনিটে ইরান ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দেয়। তাহেরিরাদ নাভিদ ফিল্ড গোল করে ব্যবধান কমান, স্কোরলাইন হয় ৫-২।

বাংলাদেশ আবারও গোল পায় ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। রোমান সরকার ষষ্ঠ গোল করে প্রতিপক্ষকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেন।

শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে ইরানকে। এর আগে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে হারিয়েছিল সারোয়ার-জিমিরা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সমান ম্যাচে ইরানের পয়েন্ট ৩।

১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মার্চ সেমিফাইনাল এবং ফাইনাল হবে ২০ মার্চ। এই টুর্নামেন্টের শীর্ষ তিনটি দল সরাসরি খেলবে এশিয়া কাপে।