এএইচএফ কাপ হকি

কাজাখস্তানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

এএইচএফ কাপে বাংলাদেশের জয়রথ চলছেই। আজ (শনিবার) সেমিফাইনালে কাজাখস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল। ডিফেন্ডার আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটিকে। ফাইনাল নিশ্চিত করে চীনের এশিয়ান গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশ। আগামীকাল (রবিবার) শিরোপা নির্ধারণী ম্যাচে জিমি-শিতুলদের প্রতিপক্ষ আবারও ওমান।

ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে ফিল্ডে ম্যাচঘড়ির ৭ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। রাসেল মাহমুদ জিমির পুশে সারোয়ারের থামানো বলে আশরাফুল ইসলাম ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন।

দুই মিনিট পর একই কম্বিনেশন থেকে দ্বিতীয় গোল এসেছে। আশরাফুল একইভাবে গোল করে দলকে আবারও এগিয়ে নেন।

৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান তৃতীয় গোল করেন। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল দলের হয়ে চতুর্থ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এ নিয়ে এই ডিফেন্ডার দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন।

৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল দলের হয়ে পঞ্চম গোল পান। ৪ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর ষষ্ঠ গোল করেন। ৪৯ মিনিটে জিমি রিভার্স হিটে সপ্তম ও ৫১ মিনিটে সোহানুর রহমান সবুজ ফিল্ড গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

৫৫ মিনিটে কাজাখস্তান এক গোল দিলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি।