টানা দুই হারের পর ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসান-শাহবাজ আহমেদের মোনার্ক পদ্মা। ওয়ালটন ঢাকাকে উড়িয়ে দিয়েছে তারা। হারিয়েছে ৬-৩ গোলে। অন্য ম্যাচে একমি চট্টগ্রাম ও রূপায়ন সিটি কুমিল্লার মধ্যেকার ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ালটন ঢাকার রকিবুল ইসলাম রকি ৮ মিনিটের গোলে এগিয়ে নেন দলকে। ১৯ মিনিটে আল নাহিয়ান শুভ সমতা ফেরানোর পরের মিনিটে আলফেন্দি আলি সুরিয়ার গোলে ফের এগিয়ে যায় ঢাকা।
এরপর দশ মিনিটের মধ্যে তিন গোল হজম করে বসে ওয়ালটন ঢাকা। তিনটি ফিল্ড গোল করেন বেলাল হোসেন, রামিন হোসেন ও সাইফ খান।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে অস্ট্রিয়ান খেলোয়াড় ইয়ান গ্রোভার্সের গোলে পদ্মার জয় অনেকটাই নিশ্চিত হয়। শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান অধিনায়ক আশরাফুল ইসলাম।
এদিকে তিন গোলে পিছিয়ে থেকে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে চট্টগ্রাম। ১৭ থেকে ২৭ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার ও একটি ফিল্ড গোলে ম্যাচে চালকের আসনে বসে কুমিল্লা।
৪২ মিনিটে মনোজ বাবুর গোলে ঘুরে দাঁড়ানোর পর ফরহাদ আহমেদ সিতুল ও হাসান যুবায়ের নিলয়ের লক্ষ্যভেদে সমতায় ফেরে চট্টগ্রাম। ৫৬ মিনিটে দর্শনের হিট ঠিকানা খুঁজে পেলে ফের জয়ের স্বপ্ন দেখে কুমিল্লা। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সমতা ফেরান আরশাদ হোসেন। তাতে এই লিগে প্রথম ড্রয়ের দেখা মিলেছে।