ওমানের গরমে মানিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশের

ভারতের দিল্লিতে অনুশীলন করে ওমানে এখন বাংলাদেশ হকি জুনিয়র দল। সেখানে ২৩ মে থেকে শুরু হওয়া এএইচএফ অনূর্ধ্ব-২১ জুনিয়র হকিতে খেলবে মামুনুর রশীদের দল। ১০ জাতির এই টুর্নামেন্ট সেরা চার দলের মধ্যে থাকতে পারলে বিশ্বকাপে খেলার সুযোগ হবে।  

এই লক্ষ্যে সালালাহ শহরে প্রচণ্ড গরমের মধ্যে অনুশীলন করে যাচ্ছে প্রিন্স লাল সামন্দরা। নিজেদের গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ২৩ মে প্রথম ম্যাচের আগে সেখানকার গরম আবহাওয়া নিয়ে চিন্তিত লাল সবুজ দলের সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজীব।  

বাংলা ট্রিবিউনকে সাবেক এই তারকা খেলোয়াড় বলেছেন, ‘দিল্লিতে আমরা এতটা গরম অনুভব করিনি। এখানে এসে বেশ গরম লাগছে। ছেলেরা এরই মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’

আজ শনিবার (২০ মে) ১৫ মিনিটের জন্য শক্তিশালী ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। গোলশূন্য ড্র হয়। তবে খেলার টার্ফ নিয়ে রাজীব বলেছেন, ‘টার্ফে বল ধীর গতিতে আসছিল। খেলতে একটু সমস্যা হচ্ছে। তবে এখনও সময় আছে। আশা করছি এরই মধ্যে সব কিছু মানিয়ে নেওয়া  সম্ভব হবে।’