পুরান ঢাকায় হকি কার্নিভাল

হকির সূতিকাগার খ্যাত পুরান ঢাকায় কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘ওল্ড ঢাকা হকি কার্নিভাল।’ আরমানিটোলা স্কুলকে ঘিরেই মূলত এখানকার হকির উন্মাদনা। এই মাঠ থেকে আন্তর্জাতিক তারকা হয়েছেন আব্দুল্লাহ পিরু, রফিকুল ইসলাম কামাল, হাবুল, জিমি, নাঈম ও ইমনরা। পুরান ঢাকার প্রাক্তন হকি খেলোয়াড়, বর্তমান জাতীয় দলের খেলোয়াড়, যুব হকি দল এবং নতুন হকি খেলোয়াড়দের সম্মিলিত উদ্যোগে প্রথমবারের হতে যাচ্ছে এই আনন্দ আয়োজন। যেখানে সার্বিক সহযোগিতায় থাকছে ওস্তাদ ফজলু হকি একাডেমি। কার্নিভালে কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন বাংলাদেশের আন্তর্জাতিক হকি আম্পায়ার সেলিম লাকীসহ ইসমাইল হোসেন লিটন, মাকসুদ আলম হাবুল, নাঈম উদ্দিন, সিনিয়র রুবেলসহ অন্যরা।

কার্নিভালে এবার মোট ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ওল্ড ঢাকা রয়্যালস, ওল্ড ঢাকা টাইটান্স, ওল্ড ঢাকা কিংস, ওল্ড ঢাকা লায়ন্স, ওল্ড ঢাকা টাইগার্স এবং ওল্ড ঢাকা বুলস। উক্ত ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। দুই গ্রুপের দুই গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল খেলবে সেমিফাইনাল। প্রতিটি দলে মোট ১০ জন করে খেলোয়াড় রয়েছে। এর মধ্যে ৫ জন খেলোয়াড় মাঠে অংশগ্রহণ করতে পারবে। বাকি ৫ জন পরিবর্তন করে মাঠে নামবে। যে ৫ জন মাঠে নামবে তাদের মধ্যে আইকন খেলোয়ার একজন, এ-গ্রেড ৩জন এবং বি-গ্রেড একজন খেলোয়াড় অবশ্যই মাঠে থাকতে হবে। আর সি- গ্রেডে থাকা খেলোয়াড়রা যে কোন সময় মাঠে নামতে পারবে।

খেলা দুই অর্ধে অনুষ্ঠিত হবে ২০ মিনিট করে। মাঝে ৫ মিনিট বিরতি থাকবে। খেলায় কোনও ধরনের পাওয়ার পুশ, হিট ফ্লিক করা যাবে না। ছয় দলের ৬ আইকন খেলোয়াড় হলেন- প্রিন্স লাল সামন্ত (ওল্ড ঢাকা রয়্যালর্স), দ্বীন ইসলাম ইমন (ওল্ড ঢাকা টাইটান্স), খালিদ মাহমুদ রাকিন (ওল্ড ঢাকা কিংস), নাঈম উদ্দিন (ওল্ড ঢাকা লায়ন্স), ইমরান হাসান পিন্টু (ওল্ড ঢাকা টাইগার্স) এবং আবেদ উদ্দিন (ওল্ড ঢাকা বুলস)।