তারুণ্য নির্ভর দল নিয়ে লড়াই করতে চায় মোহামেডান

প্রিমিয়ার হকি লিগকে সামনে রেখে দলবদল চলছিল। আবাহনী লিমিটেড ও বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আগেই দলবদল সম্পন্ন করেছে। আজ শেষ দিনে ঐতিহ্যবাহী মোহামেডান-ঊষাসহ অন্যরা দলবদলে অংশ নিয়েছে। এবারও সাদা-কালোদের হয়ে খেলছেন হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমি। তারুণ্যনির্ভর দল নিয়ে শিরোপা লড়াইয়ে থাকতে চাইছে একসময়ের চ্যাম্পিয়নরা।

হকি ফেডারেশনে সন্ধ্যার পর সাদা কালো জার্সিধারীরা দলবদলে অংশ নেয়। মোহামেডানের জার্সিতে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরও দেখা যাবে। এই দলে খেলবেন রাসেল মাহমুদ জিমি, সারোয়ার হোসেনদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। এছাড়া খালেদ মাহমুদ রাকিন, আশরাফুল ইসলাম জুনিয়র, আমিরুল ইসলামদের সঙ্গে নতুন এসেছেন আল নাহিয়ান শুভ, নুরুজ্জমানা নয়ন, সফিউল আলম শিশির, শিমুল হোসেন, দীন ইসলাম ইমন, মনোজ বাবু ও শাহিদুল হক সৈকত।

দলটির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘গতবার আমরা ভালো খেলতে পারিনি। এবারের দলটি তারুণ্যনির্ভর হয়েছে। সবার সম্মিলনে আশা করছি ভালো ফল করতে পারবো। এর জন্য মাঠে সবাইকে ভালো খেলতে হবে।’

এবার চারটি বড় দল লিগে খেলছে। জিমি মনে করছেন, এতে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, ‘ঊষা আসায় এখন চারটি বড় দল খেলছে। আগের চেয়ে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। নতুনদের জন্য এটা নিজেদের প্রমাণের সুযোগ। তবে লিগ নিয়মিত হলো সবার জন্য ভালো হয়।’