‘পেছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে’

অনেক দিন পর ঘরোয়া হকির দামামা বেজে উঠেছে। দলবদল শেষে এখন দুই দিন পর ক্লাব কাপ হকি দিয়ে মৌসুম শুরু হওয়ার অপেক্ষা। তবে জাতীয় দলের খেলোয়াড় হাসান জুবায়ের নিলয়ের নেতৃত্বে হকি খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি পরিবর্তনের দাবিতে গণমাধ্যমের সামনে একটি লিখিত বক্তব্য পেশ করে হইচই ফেলে দিয়েছেন খেলোয়াড়রা। 

হকি খেলোয়াড় কল্যাণ সমিতির বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ। তাই নতুন কমিটি গঠনের দাবি নিলয়ের। মওলানা ভাসানী স্টেডিয়ামে সোমবার বিকালে এই ফরোয়ার্ড বলেছেন,‌ 'আমরা হকি খেলোয়াড়রা একটি গতিশীল কমিটি চাই, যারা খেলোয়াড়ের স্বার্থে কাজ করবে। তাই বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটির বদলে একটি নতুন কমিটি চাই।' 

নিলয় ও আবু সাঈদ নিপ্পন ছাড়া উপস্থিত আট-দশ জনের মধ্যে বর্তমান তারকা খেলোয়াড়দের কেউ ছিলেন না। এনিয়ে প্রশ্ন হলে নিলয়ের পাশাপাশি গোলকিপার নিপ্পনের বক্তব্য, 'আমাদের সঙ্গে আরও অনেক খেলোয়াড় একমত পোষণ করেছে। তাদের অনেকে ক্লাব থেকে ছুটি পায়নি, তাই আসতে পারেনি। লিগ শুরুর আগে ৫ মার্চ আমরা আরও অনেকে একসঙ্গে জড়ো হবো। তখন আপনারা অনেককে দেখতে পাবেন।'

খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটির পরিবর্তন নিয়ে তাদের একটি চিঠি ফেডারেশনে দেওয়া হয়েছে। জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার রাসেল খান বাপ্পী হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি। খেলোয়াড়দের আকস্মিক দাবিতে বিস্ময় প্রকাশ করে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা একাধিকবার বলেছি যারা আগ্রহী তারা দায়িত্বে আসুক। কমিটির সভাপতি-সেক্রেটারি যারা রয়েছি, তারা হকি অঙ্গনে সক্রিয়। আমাদের সঙ্গে তারা অবশ্যই কথা বলতে পারতো। সেটা না করে সরাসরি মিডিয়ায় এবং ফেডারেশনকে অবহিত করার প্রক্রিয়াটি আমার কাছে পেছনের দরজা দিয়ে আসার চেষ্টাই মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ পেছন থেকে ইন্ধন দিচ্ছে।'

এরপর তার কথা, ‘আমরা করোনার সময়ে খেলোয়াড়দের নানানভাবে সাহায্য করে গেছি। খেলোয়াড়দের পাশে সবসময় আছি। হঠাৎ ক্লাব কাপ শুরুর আগে এমন আচরণ নিয়ে অন্যরকম গন্ধ পাচ্ছি।'