আবাহনীতে আসছেন ভারতীয় কোচ

আবাহনী লিমিটেডের হকি দলে চলতি মৌসুমে প্রথমবারের মতো বিদেশি কোচ আসতে যাচ্ছেন। 

ভারত জাতীয় হকি দলের সাবেক সহকারী কোচ সিদ্ধার্থ মায়ুর পান্ডের সঙ্গে এরই মধ্যে আবাহনীর আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়েছে। এফআইএইচের লেভেল থ্রি কোর্স সম্পন্ন করা ভারতীয় কোচ বাংলাদেশে আসার জন্য ভিসার  আবেদন করেছেন।

ভিসা পেলেই ঢাকায় এসে আবাহনী হকি দলের হেড কোচ হিসেবে সিদ্ধার্থ দায়িত্ব গ্রহণ করবেন। এই তথ্য জানান ক্লাবটির অন্যতম পরিচালক ও হকি কমিটির ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা। 

শেষ তিনটি লিগে আবাহনী একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ক্লাব কাপে হয়েছে রানার্সআপ। 

২০ বছর ধরে আবাহনীর হকি দলের কোচ ছিলেন সাবেক তারকা মাহবুব হারুন। গত দুই মৌসুম উপদেষ্টা কোচের ভূমিকায় ছিলেন। এবার হয়েছেন ম্যানেজার। সাবেক ডিফেন্ডার হেদায়েতুল ইসলাম রাজীব গত ও চলতি মৌসুমে আবাহনীর কোচ হয়ে কাজ করছেন।

এবার বিদেশি কোচ আনার কারণ সম্পর্কে আবাহনীর হকি কমিটির ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেছেন, ‘আমাদের দলটা ভালো হয়েছে। আমাদের কোচিং স্টাফও অত্যন্ত আন্তরিক। ভারতীয় কোচ বেশ আধুনিক জ্ঞানসম্পন্ন। তার উপস্থিতিতে আমাদের কোচিং স্টাফ এবং খেলোয়াড় উভয়ই উন্নতি করতে পারবে বলে বিশ্বাস করি।’

আগামীকাল থেকে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এই লিগে শুরু থেকে বিদেশি আম্পায়ার থাকার সম্ভাবনা রয়েছে।