ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ

সিঙ্গাপুরে জুনিয়র হকিতে ছেলেদের খেলাতে বাংলাদেশ জিতেই চলেছে। সোমবার দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকে বাংলাদেশ ৫-০ গোলে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে।

ম্যাচের প্রথম গোলের জন্য বাংলাদেশ দলকে ২৪ মিনিট  পর্যন্ত  অপেক্ষা করতে হয়েছে। পরের মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল দলকে লিড এনে দেন। 

বাংলাদেশ দ্বিতীয় গোল পেয়েছে ৪৪ মিনিটে। আব্দুল্লাহ আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ থেকে ৫৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন দ্বীন ইসলাম ইমন। 

ইমনের তিন গোলের মধ্যে দুটি আক্রমণ ও  আরেকটি আসে পেনাল্টি কর্নার থেকে। 

বাংলাদেশ আজ শ্রীলঙ্কা ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার পেলেও গোল পেয়েছে মাত্র একটি। প্রতিপক্ষ শ্রীলঙ্কাও পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি। কাল নারী দলও মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ম্যাচটি জিতলে বাংলাদেশ নারী দলের চতুর্থ স্থান অনেকটাই নিশ্চিত হবে। এই টুর্নামেন্টের শীর্ষ চার নারী দল জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।