ভারতে যাচ্ছে না পাকিস্তান, ভাগ্য খুললো বাংলাদেশের

ভারত পাঞ্জাবে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। একইসঙ্গে আগামী বছর চিলিতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক কোয়ালিফায়ারেও খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স।

এশিয়ার শীর্ষ ছয়টি দলকে নিয়ে এই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সপ্তম স্থানে শেষ করা বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে। আয়োজক ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের ভাগ্য খুলে যায়। 

সংবাদ মাধ্যমকে আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমাদের রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল এবং পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোর পর শেষ পর্যন্ত এফআইএইচ আমাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। এক বা দুই দিনের মধ্যে আমরা এফআইএইচ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়ে যাবো। যেহেতু হাতে খুব বেশি সময় নেই, তাই আশা করছি, সোমবার থেকেই আমরা প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে পারবো।’

জাতীয় দলের এই সাবেক খেলোয়াড় আরও জানান, এশিয়ান গেমসে শীর্ষ ছয়ে থেকে কোয়ালিফাই করতে না পারলেও বাংলাদেশের সামনে অলিম্পিক কোয়ালিফায়ারে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হয়েছে।

মূলত, এশিয়ান গেমসের ফলাফলের ওপর ভিত্তি করে এশিয়ার ছয়টি দলের অলিম্পিক কোয়ালিফায়ারে যাওয়ার কথা ছিল। তবে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া ভারত সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ায়, সপ্তম স্থানে থাকা বাংলাদেশ ষষ্ঠ দল হিসেবে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে।