আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৬ দলের এই টুর্নামেন্টের জন্য সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তাতে আবারও কোচের দায়িত্বে থাকবেন জার্মানির পিটার গেরহার্ড।
যেখানে নতুন মুখ তৈয়ব আলী, মো. আব্দুল্লাহ ও তানভীর রহমান। এই তিনজনের জাতীয় দলে অভিষেক হয়নি। তৈয়ব ও আব্দুল্লাহ সর্বশেষ গত মাসে চীনে জুনিয়র এশিয়া কাপে খেলেছেন। তানভীর খেলেছেন ২০২৫ সালে ভারতের জুনিয়র বিশ্বকাপে।
এছাড়া মেহরাব হাসান, নুরুজ্জামান নয়ন, আবেদ উদ্দিন ও নাহিয়ান শুভ- এই চারজন জাতীয় দলে ফিরেছেন। তারা সর্বশেষ জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের দলে ছিলেন না।
এছাড়া আছেন অভিজ্ঞ রাসেল জিমিও। যদিও এশিয়ান গেমস থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা। পারফরম্যান্স যাই থাকুক না কেন, আপাতত খেলা চালিয়ে যেতে চান বলে জানা গেছে।
এই প্রতিযোগিতায় আগে একবারই খেলেছে বাংলাদেশ, সেটা ২০২১ সালে প্রিলিমিনারি রাউন্ডে। সেবার চার ম্যাচ খেলে চারটিতেই হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এবার বাংলাদেশ ছাড়া অন্য পাঁচ দল ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে।
২৬ জনের স্কোয়াড
বিপ্লব কুজুর, আশরাফুল হক, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মেহরাব হাসান, ওবায়দুল হোসেন, খালেদ মাহমুদ, পুষ্কর খিসা, রকিকুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফারহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান, মো. আব্দুল্লাহ, মাহমুদ হাসান, নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান ও দ্বীন ইসলাম।