বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান হালিম

ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আবদুল হলিমকে সংবর্ধনা ও নগদ সম্মানি তুলে দেওয়া হয়। পৃষ্ঠপোষকতা ও সমর্থন পেলে প্রতি বছরই নতুন নতুন বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করতে চান দুইবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো মাগুরার আবদুল হলিম।
২০১৫ সালের নভেম্বরে বল মাথায় নিয়ে স্কেটিং জুতা পরে ২৭.৬৬ সেকেন্ড সময়ে ১০০ মিটার অতিক্রম করে এই  নতুন রেকর্ড গড়েছিলেন হালিম। চলতি বছরের ২৪ মার্চ ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ কর্তৃপক্ষের কাছ থেকে তার রেকর্ডের স্বীকৃতি হিসেবে সনদপত্রও পেয়েছেন।
দুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী আব্দুল হালিমকে আজ রবিবার ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা ও নগদ সম্মানি তুলে দেওয়া হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাকক্ষে ক্রেস্ট ও নগদ দেড় লাখ টাকা দেওয়ার পাশাপাশি উপহার হিসেবে হালিমকে একটি স্মার্টফোন প্রদান করে ওয়ালটন গ্রুপ।

এছাড়া ২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আব্দুল হালিম।

অনুষ্ঠানে আব্দুল হালিম বলেন, ‘কিভাবে বক্তব্য দিতে হয় সেটা আমি জানি না। আমি শুধু ধন্যবাদ দিতে চাই ওয়ালটন গ্রুপকে। তারা আমাকে দুটি রেকর্ড গড়তে সহায়তা করেছে। ধন্যবাদ দিতে চাই আমার এই রেকর্ড গড়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে। সবার সহযোগিতা পেলে আমি ভবিষ্যতে আরও রেকর্ড উপহার দেবো।’
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, এমপি। তিনি বলেন, ‘দুটি রেকর্ড গড়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য আব্দুল হালিমকে ধন্যবাদ জানাই। আর্থিক, পারিবারিকসহ নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এই মানুষটি এতোদূর উঠে এসেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীর সঙ্গে কথা বলে দেখব হালিমের জন্য স্থায়ী কোনও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা। আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার বিষয়ে খুবই আগ্রহী। তার সঙ্গে কথা বলে দেখব হালিমের জন্য ভাতার ব্যবস্থা করা যায় কিনা। তবে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। ওয়ালটন গ্রুপের মতো অন্যান্য স্টেকহোল্ডাররা এগিয়ে আসলে এই কাজগুলো আরও সহজ হয়ে যাবে।’
বিশেষ অতিথি ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান বলেন, ‘আমি শুরুতেই অভিনন্দন জানাচ্ছি দ্বৈত মুকুটধারী আব্দুল হালিমকে। ঘটনাক্রমে আমি তার দুটি রেকর্ডের সঙ্গেই সম্পৃক্ত ছিলাম। আমি বিশ্বাস করি হালিমের এই যে প্রতিভা, এমন প্রতিভা আমাদের গ্রামগঞ্জে আরও রয়েছে। তাদের তুলে এনে আমাদের ক্রীড়াঙ্গনের যে ফুলের মালা সেখানে সাজানো উচিত। আমি এই ধরণের আয়োজনের পাশে থাকার চেষ্টা করি। আমার বিশ্বাস আব্দুল হালিম আরও রেকর্ড গড়তে পারবে।  আমি আমার এক মাসের বেতন হালিমকে উৎসর্গ করলাম।’

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড এডমিন) এসএম জাহিদ হাসান, সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও এটিএন বাংলার পিএস টু চেয়ারম্যান মীর মোহাম্মদ মোতাহার হাসান।

/আরএম/এফআইআর/