ইনজুরি শঙ্কা উড়িয়ে লন্ডন ২০০ মিটারে চ্যাম্পিয়ন বোল্ট

উসাইন বোল্টচোটের কারণে গতিদানব উসাইন বোল্ট রিও অলিম্পিকে খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সে শঙ্কাকে দূরে ঠেলে লন্ডনে অ্যানিভার্সারি গেমসের ২০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ২০০ মিটার দৌড় ১৯.৮৯ সেকেন্ডে শেষ করে জিতেছেন তিনি।

লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে গত শুক্রবার ২০০ মিটার শেষ করতে বোল্ট সময় নেন ১৯.৮৯ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা পানামার আলোন্সো অ্যাডওয়ার্ডের চেয়ে ০.১৫ সেকেন্ড এগিয়ে থেকে দৌড় শেষ করেন জ্যামাইকার এই স্প্রিন্টার। ২০০৯ সালে ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড গড়েন বোল্ট। তবে ২০০ মিটারে এ বছরের সেরা টাইমিং (১৯.৭৪ সেকেন্ড) যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার লাশন মেরিটের।

জাতীয় ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছিলেন বোল্ট। সেমিফাইনাল জয়ের পর নিজেকে সরিয়েও নিয়েছিলেন তিনি। চোটের শঙ্কা থাকার পরও তাকে রাখা হয় জ্যামাইকার অলিম্পিক দলে। বোল্টের ফিটনেস নিয়ে শঙ্কা দূর হয়ে গেল তার লন্ডনের পারফরম্যান্সে।

বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক এবারে আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। আর গত দু’বারের মতো এবারের আসরেও সবচেয়ে বড় তারকা খ্যাতি নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন শীর্ষ এ স্প্রিন্টার। বোল্ট এখন পর্যন্ত অংশগ্রহণ করা অলিম্পিকের কোনও ইভেন্টে স্বর্ণ ছাড়া ফেরত আসেননি। বেইজিংয়ে সর্বপ্রথম ২০০৮ সালে নিজের প্রিয় ইভেন্ট ১০০ মিটারসহ ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জেতেন। আর পরেরবার লন্ডন অলিম্পিকেও তিনটি ইভেন্টে স্বর্ণ জেতেন।

/এমআর/