পর্দা নামলো রিও অলিম্পিকের

000_fi7feআনুষ্ঠানিকভাবে সোমবার পর্দা নামলো রিও অলিম্পিকের। সমাপনী অনুষ্ঠান ব্রাজিলের স্থানীয় সময় রবিবার রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটা) শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানেও ছিল নানা আয়োজন। তিন ঘণ্টাব্যাপী চলে এই সমাপনী অনুষ্ঠান।
যেখানে ছিল আতশবাজির ঝলকানি, লেজার শো, কার্টুনের প্রদর্শনী। এছাড়া ব্রাজিলের ইতিহাস সংস্কৃতি-ঐতিহ্য তুলে ধরা হয় মারাকানা স্টেডিয়ামে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ অলিম্পিক পতাকা তুলে দেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকের হাতে। আর ২০২০ সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক গেমস।
এরআগে ৫ আগস্ট পর্দা ওঠে রিও অলিম্পিকের। যেখানে ১৬টি দিন ৩০৬টি পদকের জন্য লড়াই করে পৃথিবীর বিভিন্ন দেশের অ্যাথলেটরা। এবারের অলিম্পিকে ২০৬টি দেশের ১১ হাজার ৩০৩ জন অ্যাথলেট পদকের জন্য লড়াই করেন। এছাড়া ছিল একটি রিফিউজি টিম।
এবারের রিও অলিম্পিক শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের দাপটের মধ্য দিয়েই। ৩০৬টি স্বর্ণ পদকের ৪৬টিই জিতে নিয়েছে তারা। এ ছাড়া ৩৭টি রৌপ্য ও ৩৮টি ব্রোঞ্জ পদক জিতেছে। সব মিলিয়ে তাদের পদকসংখ্যা ১২১টি। পদক তালিকায় দ্বিতীয় স্থানে ছিল গ্রেট ব্রিটেন। তাদের মোট পদক ৬৭টি। যেখানে রয়েছে ২৭ টি স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ। তৃতীয় স্থানে ২৬টি স্বর্ণসহ মোট ৭০টি পদক নিয়ে রয়েছে চীন।   
/এফআইআর/