আর্জেন্টিনায় বাংলাদেশের নাম শুনে অবাক শুটার অর্ণব

যুব অলিম্পিক খেলতে আর্জেন্টিনায় গিয়েছিলেন অর্ণব (মাঝে)গত বছরের এশিয়ান এয়ারগান শুটিংয়ে এয়ার রাইফেল ইভেন্টে রুপা জিতে এবারের যুব অলিম্পিক গেমসে সরাসরি খেলেছেন অর্ণব সারার। টুর্নামেন্টে দারুণ কিছু করতে না পারলেও আর্জেন্টিনায় অন্যরকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের এই শুটারের। সেখানে আর্জেন্টাইনদের মুখে বাংলাদেশের পরিচিতি বিস্মিত করেছে তাকে।

ছোটদের অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলের একক ইভেন্টে অর্ণব হয়েছেন দশম, মিশ্র দ্বৈতে পঞ্চম। শুটিংয়ে অংশ নিতে গিয়ে ম্যারাডোনা-মেসিদের দেশে ফুটবলের অন্য এক আবহ দেখতে পেয়েছেন উদীয়মান এই শুটার।

বুয়েন্স আয়ার্সে ৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতায় খেলেছে বিশ্বের বিভিন্ন দেশ। অর্ণব দেখেছেন ফুটবল পাগল আর্জেন্টাইনদের। সেখানকার মাঠে স্থানীয়দের ফুটবল নিয়ে মাঠে দাপিয়ে বেড়াতে দেখে বিস্মিত তিনি। তবে অর্ণবকে সবচেয়ে বেশি অবাক করেছে আর্জেন্টাইনদের মুখে বাংলাদেশের নাম শুনে।

অর্ণব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শুটিং কমপ্লেক্সে আসার পথে রাস্তার পাশে দেখেছি মাঠে সবাই ফুটবল নিয়ে ব্যস্ত। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে গেমসে যারা আর্জেন্টাইন স্বেচ্ছাসেবক ছিলেন, তাদের অনেকেই বাংলাদেশ সম্পর্কে জানে। বিশ্বকাপ ফুটবলই তার বড় কারণ।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশে আর্জেন্টিনার বড় বড় পতাকা ওড়ে, অগণিত সমর্থক আছে। এত দূরের দেশে তাদের বাংলাদেশি সমর্থকদের কথা তারা আগে থেকেই জেনেছে। তারা বিস্মিত হয়েছে এতে। সেখানে যে বাংলাদেশের আলাদা পরিচিতি আছে, এটা জেনে আমারও ভালো লেগেছে।’

নিজের পারফরম্যান্স নিয়ে অর্ণবের মত, খেলতে নামার আগে আরেকটু সময় পেলে আরও ভালো কিছু করতে পারতেন। স্থানীয় আবহাওয়ার সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে পারলে সেরা আটে থাকতে পারতেন বিশ্বাস তার, ‘আরও আগে যদি সেখানে যেতে পারতাম, তাহলে আমার জন্য ভালো হতো। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেতাম। তখন ফল আরও ভালো হতে পারতো।’