সর্বশেষ এসএ গেমসে দুটি স্বর্ণপদক জিতলেও এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন না শীলাডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখে ক্যাম্প চলছে সাঁতারুদের। কিন্তু মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সের এই ক্যাম্পে নেই মাহফুজা খাতুন শীলা। তিন বছর আগে সর্বশেষ এসএ গেমসে দুটি স্বর্ণপদক জিতলেও এবার তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন না। শুধু নেপালে নয়, আর কখনোই জাতীয় দলে দেখা যাবে না দেশের অন্যতম সেরা সাঁতারুকে!
২০১৭ সালে হাঙ্গেরিতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পর আর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাননি। তবুও ডাক পেয়ে এবারের ক্যাম্পে রিপোর্ট করেছিলেন। কিন্তু শারীরিক কারণে জাতীয় দলে আর খেলা সম্ভব হচ্ছে না।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? বাংলা ট্রিবিউনকে একরাশ হতাশা নিয়ে শীলা বললেন, ‘এখন যা অবস্থা তাতে আমার পক্ষে আর জাতীয় দলে খেলা সম্ভব নয়। বলতে পারেন আমি জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছি। আসলে শারীরিক কারণে আমার খেলা হচ্ছে না। বিষয়টি ফেডারেশন মেনে নিয়েছে।’
জাতীয় প্রতিযোগিতায় শীলার স্বর্ণপদকের সংখ্যা প্রায় ৫০টিগত দেড় দশকে অজস্র কীর্তি গড়েছেন সুইমিং পুলে। জাতীয় প্রতিযোগিতায় তার স্বর্ণপদকের সংখ্যা প্রায় ৫০টি। গত মার্চে সর্বশেষ জাতীয় সাঁতারে জিতেছিলেন ৫টি সোনা। এসএ গেমসে দেশের একমাত্র নারী সাঁতারু হিসেবে তার হাতেই উঠেছে শিরোপা। তবু কেন তাকে দেখা যাবে না জাতীয় দলে? এমন প্রশ্নে শীলার কণ্ঠে ক্ষোভ, ‘জাতীয় দলের হয়ে কে না খেলতে চায়! কিন্তু গত কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাকে বাংলাদেশ দলে রাখা হয়নি। কেন রাখা হয়নি তার কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি। ফেডারেশন আমার সঠিক মূল্যায়ন করলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো।’
শীলার অভিযোগের জবাবে সাঁতার ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া বলেছেন, ‘শীলা ক্যাম্পে না থাকলে আমাদের তো কিছু করার নেই। আমরা এখনও মনে করি, তার পক্ষে এসএ গেমসে পদক জেতা সম্ভব।’
জাতীয় দলে আর না খেললেও ঘরোয়া প্রতিযোগিতায় আরও কিছু দিন খেলতে চান শীলা, ‘আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করি। তাদের হয়ে সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় ৫টি সোনা জিতেছিলাম। যত দিন পারবো, নৌবাহিনীর হয়ে খেলে যাবো।’