এবারের এসএ গেমসের আসর বসেছে নেপালে। ত্রিপুনেশ্বরের কাভার হলে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। তাতে শেষ চারে পৌঁছে যায় বাংলাদেশও। বিপরীতে বাংলাদেশের পর ভারতের কাছে হেরে যাওয়ায় বিদায় নিয়েছে স্বাগতিকরা।
ছেলেদের ভলিবল ইভেন্টের শেষ খেলায় হেরে যাওয়ায় ভারত-নেপাল ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। যেখানে ভারতের জয়ই ছিল প্রার্থনায়। আজ (শুক্রবার) ভারতের দাপুটে পারফরম্যান্সে নেপাল হেরে যাওয়ায় লাভ হয়েছে বাংলাদেশের। এই নেপালকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ।
কাভার হলের ম্যাচে ভারত প্রথম সেট জিতে নেয় ২৫-১৫ পয়েন্টে। দ্বিতীয় সেটে আরও দাপট দেখিয়ে পায় ২৫-১৩ পয়েন্টের জয়। আর শেষ সেট ২৫-১৬ পয়েন্টে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে ভারত।
মেয়েদের ভলিবলে অবশ্য বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। আজ ভারতের কাছে তারা হেরেছে ৩-০ সেটে। এর আগে প্রথম ম্যাচেও ৩-০ সেটে হেরেছিল স্বাগতিক নেপালের বিপক্ষে।