বছরের সবচেয়ে আলোচিত মহিলা ক্রীড়াবিদ রুসি!

ronda-rousey-blueশেষ হতে চললো ২০১৫। আর এর আগেই শুরু হয়েছে আলোচনা। বিশ্ব ক্রীড়াঙ্গনে বছরের সবচেয়ে আলোচিত মহিলা ক্রীড়াবিদ কে? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। কে সেই তারকা? টেনিসের মারিয়া শারাপোভা না ফুটবলের হোপ সলো। নাকি নাসকারের রেসার ড্যানিসা প্যাট্রিক? উত্তর শুনে অনেকেই ধন্দে পড়ে যাবেন হয়তো। এদের মধ্যেই কেউই নন সেই তারকা!
ইয়াহু স্পোর্টস জানিয়েছে সারা বিশ্বের ক্রীড়ামোদীদের মধ্যে ২০১৫ সালে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সাবেক আলটিমেট ফাইটং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন রন্ডা রুসিকে। শুধু ইয়াহু নয়, পলিভোর ফ্লিকর ও টাম্বলারও এ তথ্যের স্বীকৃতি দিয়েছে। গত মাসের শুরুতে হলি হোমেসের কাছে তার বিশ্ব শিরোপা খোঁয়ানোর পরও রুসির জনপ্রিয়তা কমেনি বরং আরও বেড়েছে বলে মনে করছে বিশ্বের শীর্ষ এই ওয়েব ডোমেইনের কর্তারা।
তালিকার শীর্ষে রয়েছেন রুসি, এরপর আছেন টাইগার উডসের সাবেক বান্ধবী ও স্কেটার লিন্ডসে ভন, তিন নম্বরে আছেন মারিয়া শারাপোভা। রুশ তারকার পরে ড্যানিসা প্যাট্রিক, টেনিস তারকা ক্যরোলিন ওজনিয়াকি ও যুক্তরাষ্ট্রের ফুটবলার হোপ সলো আছেন তালিকায়। শীর্ষ দশের সাতটি স্থানই ধরে রেখেছেন মহিলারা। আর তালিকার বাকি তিন পুরুষ তারকারা হলেন- টাইগার উডস, ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি পাকুইয়াও।

রুন্ডা রুসি এ বছরে চারটি বিশ্ব শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হয়ে তিনটিতে জয়ী হন। এছাড়া বছর ব্যাপী তিনি বেশ কটি চলচ্চিত্রেও অভিনয় করেন। একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেন। বিশ্বব্যাপী আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপকে জনপ্রিয় করার জন্য একটি ‘ওয়ার্ল্ড ট্যুর’করেন। এ বছরে তিনি আয় করেন ৬.৫ মিলিয়ন ডলার। যা মহিলা খেলোয়াড়দের উপার্জনের তালিকায় সপ্তম।

এদিকে ইউএফসি সভাপতি ডানা হোয়াইট দিয়েছেন আরেকটি উল্লেখযোগ্য তথ্য। হলি হোমসের কাছে রুসির হারার পর সারা বিশ্বে দশকোটি লোক সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক ভাবে শেয়ার করে।

এবার হারলেও মানসিক ও শারিরীক আঘাত সামলে পাবার রিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রন্ডা রুসি। স্বাভাবিকাভবেই তার প্রতিপক্ষ হবেন হলি হোমস আর শিরোপা পুনরুদ্ধার করতে পারলে রুসির জনপ্রিয়তা আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই!

/এফআইআর/