দাবা ফেডারেশন গত পরশু শেষ পর্যন্ত মোহামেডানের জন্য অপেক্ষা করেছিল। লিগে অংশগ্রহণের ব্যাপারে মোহামেডান ফেডারেশনের সঙ্গে কোনও যোগাযোগও করেনি। তাই মোহামেডানকে ছাড়াই শুরু হয়েছে লিগ। নিয়ম অনুযায়ী প্রিমিয়ার থেকে অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমে গেল মোহামেডান। আগামী বছর প্রথম বিভাগে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হয়ে আবার প্রিমিয়ারে উঠতে হবে তাদের।
গত কয়েক বছর মোহামেডান দাবা দলের নেতৃত্বে ছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। সেই নিয়াজ মোরশেদ এবার মোহামেডানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। নতুন গঠিত দল শেখ রাসেলের হয়ে খেলছেন নিয়াজ। জানা গেছে নিয়াজ না জানিয়ে হঠাৎ দল ত্যাগ করাতেই প্রিমিয়ারে নেই মোহামেডান! এক প্রকার নিয়াজের ওপরই দায় চাপাচ্ছে ক্লাবটি।
তবে নিয়াজের পারিশ্রমিক, গত আসরে খেলে যাওয়া বিদেশিদের অর্থ দেরিতে প্রদানসহ অনেক অভিযোগ রয়েছে মোহামেডানের বিরুদ্ধে।
এদিকে রবিবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে হারিয়েছে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে। শেখ রাসেল মেমোরিয়ালে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আন্তর্জাতিক মাস্টার দীপ্তায়ন ঘোষ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে সুলতানা কামালের সুজন, মাসুদুর রহমান বারী, দেওয়ান মো. রিয়াদ ও শফিকুল ইসলামের বিরুদ্ধে জয়ী হন। গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩-১ পয়েন্টে হারায় তিতাস ক্লাব দাবা দলকে। গোল্ডেনের পক্ষে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ভারতীয় খেলোয়াড় শ্রীজিৎ পল যথাক্রমে তিতাসের ফিদে মাস্টার রেজাউল হক ও ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীনকে পরাজিত করেন।
বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল ৩-১ পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে পরাজিত করে। প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জ ২-২ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবের সঙ্গে ড্র করে।
মোহামেডান না থাকায় তিন গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন ও জিয়াউর রহমান এবং জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের এই রাউন্ডে খেলা ‘অফ’ ছিল।
/আরএম/এফআইআর/