করোনাভাইরাস: অসহায় অ্যাথলেটদের পাশে ফেডারেশন

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকরোনাভাইরাসের কারণে যে সব অ্যাথলেট সমস্যার মধ্যে আছেন, তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এই লক্ষ্যে তারা ১০ লাখ টাকার তহবিল গড়তে যাচ্ছে।

ফেডারেশন সারা দেশ থেকে ২০০ অ্যাথলেট, কোচ ও সংগঠকসহ যারা এই ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত আছেন, তাদের সাহায্য করতে চাইছে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে তাদের নামও চাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বলেছেন, ‘করোনার কারণে অনেক অ্যাথলেট কিংবা কোচসহ সংগঠকের খারাপ সময় যাচ্ছে। তাই আমরা ফেডারেশন থেকে তহবিল গঠন করার চেষ্টা করছি। আমাদের অ্যাথলেটিকস পরিবারের মধ্যে যারা অবস্থাপন্ন, তারা তহবিল গঠনে এগিয়ে এসেছেন। এছাড়া আমাদের পরিচিত যারা আছেন তারাও সাহায্য করছেন।’

রমজানের শুরুতে অসহায় অ্যাথলেটদের সহায়তা দেবে ফেডারেশন। রকিব আরও জানিয়েছেন, ‘এরই মধ্যে আমরা ৩ লাখ টাকা পেয়েছি। বাকি টাকারও জোগাড় চলছে। সবাই যার যার সাধ্য মতো দিচ্ছে। রোজার মাসের শুরু থেকে অসহায় যারা আছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা সাহায্য করব। প্রয়োজনে ফেডারেশনের ফান্ড থেকেও সাহায্য করা হবে। আমরা এখানেই থেমে থাকছি না। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও সাহায্যের জন্য চিঠি দিয়েছি।’