আগস্টে অনুশীলনে ফিরবেন রোমানরা!

আর্চারি ক্যাম্প (ফাইল ছবি)করোনাভাইরাসে মার্চ থেকে বন্ধ আর্চারি ক্যাম্প। তবে জুলাই থেকে ক্যাম্প শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আর্চারি ফেডারেশন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে তারা। করোনা পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করতে চায় ফেডারেশন। ‍আপাতত আগস্টে রোমান সানাদের ক্যাম্প শুরু করার ইচ্ছা তাদের।

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ২৮ আর্চার নিয়ে চলছিল অনুশীলন। করোনার কারণে বন্ধ হওয়ার আগে আবাসিক ক্যাম্পে কোচ হিসেবে ছিলেন জার্মানির মার্টিন ফ্রেডরিক। ফেডারেশন স্বপ্ন দেখছে ক্যাম্পের মধ্যমণি রোমানকে ঘিরে। তবে বর্তমান অবস্থায় কোনও ঝুঁকি নিতে চাইছে না আর্চারি ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা মনে করেছিলাম করোনা পরিস্থিতির উন্নতি হলে জুলাই থেকে ক্যাম্প শুরু করে দেবো। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জুলাই নয়, আমরা হয়তো আগস্টে গিয়ে শুরু করতে পারি। আসলে সবকিছুই নির্ভর করছে করোনার ওপর। আমরা তো আর্চারদের ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারি না।’

ক্যাম্প শুরু করতে না পারলেও আর্চারদের নিজস্বভাবে অনুশীলনের প্রতি জোর দিয়েছে ফেডারেশন। এজন্য তীর-ধনুক পাঠিয়ে দেওয়া কথা বললেন চপল, ‘কোচের নির্দেশনা অনুযায়ী আমরা হয়তো আর্চারদের কাছে ধনুক পাঠিয়ে দিতে পারি। এতে করে ওদের কিছুটা হলেও নিজস্বভাবে অনুশীলনের সুযোগ থাকবে।’