বুলেট দাবায় ডাচ সুপার গ্র্যান্ডমাস্টারকে হারালেন ফাহাদ

ডাচ গ্র্যান্ডমাস্টার আনিস গিরির সঙ্গে ফাহাদ রহমান (ফাইল ছবি)করোনাভাইরাসের এই দুঃসময়ে দাবার বোর্ড নিয়ে সরাসরি খেলার সুযোগ কোথায়! তাই অনলাইনই বড় ভরসার জায়গা। কিছুদিন আগে হয়েছে দাবা অলিম্পিয়াড। তারই ধারাবাহিকতায় হওয়া কাতারা আন্তর্জাতিক বুলেট দাবা ইভেন্টে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান পেয়েছেন বড় সাফল্য। এক রাউন্ডে বাংলাদেশি দাবাড়ু হারিয়েছেন নেদারল্যান্ডসের ২৭৬৪ রেটিং প্রাপ্ত সুপার গ্র্যান্ডমাস্টার আনিস গিরিকে।

কাতারা চেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনলাইন প্লাটফর্ম লিচেস ডট অর্গে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। সোমবার দিবাগত রাতে দ্বিতীয় বাছাইয়ে ফাহাদ অষ্টম খেলায় গ্র্যান্ডমাস্টার আনিস গিরির বিরুদ্ধে জয় পেয়েছেন ৫৭ চালে।

দ্বিতীয় পর্বে ফাহাদ ৪৯ খেলায় ৭৮ পয়েন্ট পেয়ে ২৬০৬ জন খেলোয়াড়ের মধ্যে হয়েছেন ৮২তম। তৃতীয় পর্বেও বাংলাদেশি এ দাবাড়ু কয়েকজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন। যাদের মধ্যে অন্যতম রাশিয়ার এন্টোন ডেমচেনকো। তৃতীয় পর্বে ফাহাদ ৫৪ খেলায় ৮১ পয়েন্ট নিয়ে ৫,০৪১ জনের মধ্যে হয়েছেন ১০৭তম।

ফাহাদ বুলেট গতির দাবা নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি আগে কখনও এমন প্রতিযোগিতায় খেলিনি, এটাই প্রথম। বলতে পারেন ভালো অভিজ্ঞতা হয়েছে। তিন পর্বের মধ্যে এক পর্বে খেলা হয়নি। বাকি দুটোতে সাধ্যমতো চেষ্টা করেছি।’

বুলেট দাবা প্রতিযোগিতায় দুই খেলোয়াড়কে এক মিনিট করে সময় দেওয়া হয় খেলা শেষ করার জন্য। প্রতি খেলায় জয়ের জন্য ২ পয়েন্ট ও ড্রয়ের জন্য দেওয়া হয় ১ পয়েন্ট।

কাতারার বুলেট দাবায় তিনটি পর্ব থেকে ১৫ জন দাবাড়ু চূড়ান্ত পর্বে খেলবেন। সেখানে আগে থেকেই আছেন বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের মেঘনাস কার্লসেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে চ্যাম্পিয়ন দাবাড়ু নির্ধারণ হবে।