দেশের মাঠে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি হতে যাচ্ছে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আরও চারটি দেশ অংশ নিচ্ছে। শিরোপায় চোখ রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। আর সেই লক্ষ্যে উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শুভসূচনার আশায় স্বাগতিকরা। আগামীকাল (রবিবার) বিকেল ৫-৩০ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।
আর এই যাত্রায় কাবাডি দলকে অনুপ্রেরণা জোগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে শক্তিশালী হয়ে ওঠা তামিম-সাকিবদের দেখে কাবাডি দলও নিজেদের মাঠে শক্তি দেখাতে চায়। সেই কথাই শুনিয়েছেন কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার, ‘পোল্যান্ড সম্পর্কে ধারণা আছে আমাদের। তাদের বিপক্ষে জিততে চাই। দেশের মাঠে ক্রিকেট দল যেভাবে এগিয়েছে, সেভাবে আমরা এগিয়ে যেতে চাই। ভালো কিছু দিতে চাই দেশবাসীকে।’
প্রথম ম্যাচকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের নতুন অধিনায়ক, ‘আমাদের অনুশীলন ভালো হয়েছে। ভারতীয় কোচের অধীনে অনুশীলন চলছে। আমরা এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়েছি। এসএ গেমসে নেপালকে হারিয়েছি।
বাংলাদেশের কাবাডির ইতিহাস বেশ পুরনো হলেও সাম্প্রতিক সময়ে খাবি খাচ্ছে দল। এসএ গেমসে সবশেষ এসেছে ব্রোঞ্জ পদক। কিছুদিন ধরে ভারতীয় কোচ সাজুরাম গয়াতের অধীনে নিজেদের শাণিত করে যাচ্ছে লাল-সবুজ দল। এবার অবশ্য নিজেদের মাঠে ট্রফি জেতার আত্মবিশ্বাস সবার মধ্যে।
শনিবার প্রথম ম্যাচের আগে সাজুরাম সংবাদমাধ্যমকে শুনিয়েছেন আশার কথা, ‘আমরা আত্মবিশ্বাসী। ভালো করবো এখানে। পোল্যান্ড সম্পর্কে ধারণা আছে। জুনিয়র বিশ্বকাপে তারা ভালো করেছে। প্রতিযোগিতায় অন্য দল কেনিয়া উঠে আসছে। শ্রীলঙ্কা ও নেপালও ভালো দল।’