সুইজারল্যান্ডের বিশ্বকাপে রোমানের হতাশা

সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ স্টেজ-২ প্রতিযোগিতায় বাংলাদেশের রোমান সানা রিকার্ভ এককে বেশিদূর যেতে পারেননি। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে টোকিও অলিম্পিকে সুযোগ পাওয়ার দেশের আর্চারির পোস্টার বয়কে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান ৬-২ সেট পয়েন্ট হেরে গেছেন আমেরিকার ব্র্যাডি এলিসনের কাছে। এককে প্রথম সেট জিতলেও পরের তিনটিতে হারতে হয়েছে তাকে।

এর আগে প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন রোমান। দ্বিতীয় রাউন্ডে অবশ্য এস্তোনিয়ার ওনা মার্টকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে হারান। এই ইভেন্টে দেশের অন্য আর্চারাও ভালো করতে পারেননি। সবাই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন।

রিকার্ভ একক ইভেন্ট থেকে সবাই বিদায় নিলেও পুরুষদের দলীয় ইভেন্টে অবশ্য বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে। রোমান সানা, রাম কৃষ্ণ সাহা ও তামিমুল ইসলামকে নিয়ে গড়া দলটি বাই পেয়ে শেষ আটে উঠেছে। শুক্রবার তারা মুখোমুখি হবে স্পেনের।