সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারির স্টেজ দুইয়ে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। ফাইনালে অভিজ্ঞ নেদারল্যান্ডসের কাছে ৫-১ সেটে হারতে হয়েছে বাংলাদেশের দুই প্রতিযোগী রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে। তবে ফাইনাল জিততে না পারলেও এই পর্যায়ে আসতে পেরে খুশি বাংলাদেশের দুই আর্চার।
রবিবার প্রথম সেটে বাংলাদেশ হেরে যায় ৩৬-৩০ পয়েন্টে। দ্বিতীয়টিতে ছিল সমানে সমান, ৩৫-৩৫। কিন্তু শেষ সেটটি ৩৭-৩৪ পয়েন্টে হেরে যাওয়ায় সব সম্ভাবনার ইতি ঘটে। এর ফলে প্রথমবারের মতো রুপা জিতে ইতিহাস হয়ে থাকতে হচ্ছে।
ফাইনালে সোনার হাসি হাসতে না পারলেও ভালো অভিজ্ঞতা অর্জনের কথা বললেন দিয়া সিদ্দিকী, ‘আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। (এখানে সাফল্য পেতে) আসলে অনেক অভিজ্ঞতা দরকার। আমি খুবই কম অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছিলাম। বলতে গেলে আমি নতুন। তবু যেটা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ভালো করার চেষ্টা করেছি, করতেও পেরেছি।’
দেশের আর্চারির ‘পোস্টার বয়’ রোমান সানাও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা ফাইনালে উঠে রুপা জিততে পেরেছি। প্রথম কৃতজ্ঞতা সিটি গ্রুপের প্রতি। যাদের কারণে এই পর্যায়ে আসতে পেরেছি। এছাড়া অন্য সবাইকে ধন্যবাদ আমাদের সহযোগিতার জন্য।’
দুই বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রোমান রিকার্ভ এককে ব্রোঞ্জ পেয়ে টোকিও অলিম্পিকে জায়গা করে নিয়েছিলেন। এবার বিশ্ব পর্যায়ে মিক্সড ইভেন্টে এলো আরও একটি সাফল্য। বাংলাদেশ আর্চারির ইতিহাসে যা নতুন সংযোজন।