ওয়ালটন জাতীয় রাগবি প্রতিযোগিতা রবিবার শুরু

তিনদিন ব্যাপী ওয়ালটন জাতীয় পুরুষ ও মহিলা রাগবি প্রতিযোগিতা শুরু হচ্ছে রবিবার।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১১টি ও মহিলা বিভাগে চারটি দল অংশ নিচ্ছে। পুরুষ বিভাগের ১১টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর মহিলা বিভাগের চারটি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘খ’ গ্রুপে রয়েছে বাগেরহাট ও ফরিদপুর। ‘গ’ গ্রুপে রয়েছে নড়াইল ও মাদারীপুর। ‘ঘ’ গ্রুপে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ। ‘ঙ’ গ্রুপে রয়েছে সিরাজগঞ্জ ও গাজীপুর। আর ‘চ’ গ্রুপে রয়েছে রংপুর ও ঢাকা।

আর মেয়েদের ‘ক’গ্রুপে রয়েছে ঢাকা জেলা ও রংপুর জেলা। আর ‘খ’ গ্রুপে রয়েছে নড়াইল জেলা ও মুন্সিগঞ্জ জেলা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদ।

/আরএম/এফআইআর/