এসএ গেমসে স্বর্ণপদক জয়ীদের ৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এসএ গেমসের শেফ দ্য মিশন ও বিওএ'র মহাসচিব আশিকুর রহমান মিকু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পদক জয়ীদের অর্থ পুরস্কার দেবে বিওএ। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকেও আরও পুরস্কার পেতে পারেন ক্রীড়াবিদরা।’ তিনি জানান, স্বর্ণপদক জয়ীরা পাঁচ লাখ, রৌপ্য তিন লাখ ও ব্রোঞ্জ জয়ীরা দুই লাখ টাকা করে পাবেন।
বিওএ'র প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তিগত ও দলগত উভয় পর্যায়ে পদকের ক্ষেত্রেই একই পুরস্কার প্রযোজ্য। তবে ব্যক্তিগত ডিসিপ্লিনে বিওএ'র এই অর্থ পুরস্কার সামঞ্জস্য হলেও দলগত ডিসিপ্লিনে অনেকটা অসামাঞ্জস্য।
২০ অথবা ২১ জানুয়ারি বিওএ'র সভাপতি পদে রদবদল হবে। পুরনো সভাপতিকে বিদায় জানিয়ে নতুন সভাপতিকে বরণ করবে সংস্থাটি। ওই দিনই কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী, এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী কাবাডি দল, ইয়ুথ এশিয়ানে আরচারিতে স্বর্ণজয়ী তামিমুল ইসলামকে অর্থ পুরস্কার দেওয়া হবে।
/আরএম/এমআর/