টোকিওতে বিস্ময়, ১১৩ বছরে প্রথমবার সোনা ভাগাভাগি

অলিম্পিক ইতিহাসে ১১৩ বছরে আগে যা হয়নি, এবার তা-ই হলো। টোকিও অলিম্পিকে সোনা ভাগাভাগি করে নিলেন দুই অ্যাথলেট! হাই জাম্পে কাতারের ঈসা বারশিম ও ইতালির জিয়ানমারকো তামবেরি দুজনেই জিতলেন সোনার পদক। দুজনেই ২.৩৭ মিটার উঁচুতে লাফিয়ে এই পদক ভাগাভাগি করে নিয়েছেন।

তবে ২.৩৭ মিটার উঁচুতে লাফিয়ে উঠে কেউই থেমে থাকেননি। ২.৩৯ মিটার লাফ দিতে গিয়ে দুজনেই তিনবার আটকে গেছেন। দুজনকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছিল না। কেউ ফাউলও করেননি। এমন সমতা ভাঙতে ‘জাম্প অফ’ও করতে চাননি কেউ। ঠিক এই সময়ে ঈসা বারশিন আয়োজকদের পদক ভাগাভাগি, মানে দুজনকেই সোনার পদক পাওয়ার প্রত্যাশার কথা জানান। শেষ পর্যন্ত তা-ই হয়েছে।

পদক ভাগাভাগি করে তামবেরিকে অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেছে। পরবর্তীতে তিনি বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এমনটি হয়েছে। বন্ধুর সঙ্গে পদক ভাগাভাগি করে নেওয়াটা আসলে বেশি সুন্দর। এটা আসলে ম্যাজিকাল।’

বারশিমও আনন্দিত এমন ঘটনায়। বলেছেন, ‘আমি এই সোনার পদক দাবি করতেই পারি। নিজের পারফরম্যান্সের কারণে। আবার তামবেরিও করতে পারে। সেও আমার মতো একই কাজ করেছে। আসলে এটাই স্পোর্টস। এমন বার্তাই আমরা যুব সমাজকে দিতে চাই।’