বর্ণিল আয়োজনে শুরু হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। বালক ও বালিকা বিভাগের ১৬টি করে অংশগ্রহণ করছে ৩২টি দল। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে রঙিন বেলুন হাতে মার্চপাস্টে অংশ নেন খেলোয়াড়রা। ছিল আতশবাজির রোশনাই ও মনোজ্ঞ ডিসপ্লেও।
বুধবার পল্টন ময়দানে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘কাবাডি ফেডারেশন যে বিশাল আয়োজন করেছে, তা দেখে বিস্মিত হয়েছি। আমরা তৃতীয় হতে চাই না, রানার্সআপ হতে চাই না। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
এবার তৃণমূল পর্যায়ে বালক বিভাগে মোট ৫০ হাজার ৫২ জন ও বালিকা বিভাগে ৪৬ হাজার ৭৬৪ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বাছাইকৃত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফেডারেশন।