জিমন্যাসিয়াম নিয়ে কুস্তি-জিমন্যাস্টিকসের দ্বন্দ্ব!

অনেক দিন ধরেই জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে কয়েকটি ফেডারেশনের খেলোয়াড় অনুশীলন করে আসছেন। তাতে জায়গা সংকটে অনেক সময় অনুশীলন চালিয়ে নেওয়াই দুরূহ হয়ে যায়। এ নিয়ে নিজেদের মধ্যে সমস্যাও কম হচ্ছে না। এই যেমন বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে জিমন্যাস্টিকস ও কুস্তি ফেডারেশন! বৃহস্পতিবার সকালে তো ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে জিমন্যাস্টদের হটিয়ে ম্যাট বসিয়ে ফেলেছে কুস্তি ফেডারেশন। এখন বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ চাপান-উতোর চলছে।

জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ক্রীড়া পরিষদের অনুমতি নিয়ে অনুশীলন করে আসছি। আজ সকালে কুস্তির লোকজন এসে জোর করেই আমাদের খেলার সরঞ্জাম সরিয়ে দিয়ে নিজেরা ম্যাট বসিয়েছে। এতে করে কিছু সরঞ্জাম নষ্টও হয়েছে। অথচ তারা কোনও অনুমতি পত্র দেখাতে পারেনি। এটা আসলে ঠিক হয়নি। এখন আমরা অনুশীলন করবো কোথায়?’

কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমানের ফোনও বন্ধ পাওয়া গেছে। তবে যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ ঘটনার ব্যাখ্যায় বলেছেন, ‘আমাদের সামনে কমনওয়েলথ ও এশিয়ান গেমস আছে। অনুশীল করা প্রয়োজন। তাই ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে ম্যাট বসিয়ে অনুশীলন শুরু করে দেওয়া হয়েছে। তবে ভাঙচুরের কোনও ঘটনা ঘটেনি। আসলে ইনডোর গেমস বিধায় আমাদের অনুশীলনের জায়গা সংকট। তাই এমন ঘটনা ঘটেছে।’