এই মুহূর্তে মেয়েদের মধ্যে দেশের সেরা আর্চার দিয়া সিদ্দিকী। তবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের কোয়ালিফিকেশন রাউন্ডে তাকে ছাড়িয়ে গেছেন নাসরিন আক্তার।
থাইল্যান্ডের ফুকেটে কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেওয়া ১৮ আর্চারের মধ্যে দ্বিতীয় হয়েছেন এই আর্চার। ৭২০ পয়েন্টের মধ্যে নাসরিন পেয়েছেন ৬৪২ পয়েন্ট। এ রাউন্ডে ৬৪৭ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন ভারতের আর্চার রিধি। ৬১৬ পয়েন্ট পেয়ে দিয়ার অবস্থান অষ্টম।
এলিমিনেশন রাউন্ডে দিয়ার প্রথম প্রতিপক্ষ সতীর্থ ফাহমিদা। আর নাসরিন খেলবেন থাইল্যান্ডের পুনিকা ঝংকারাইজাকের বিপক্ষে।
কোয়ালিফিকেশন রাউন্ডে ছেলেদের কম্পাউন্ড বিভাগে বাংলাদেশের নেওয়াজ আহমেদ ৬৯৪ পয়েন্ট স্কোর করে ৩২ জনের মধ্যে হয়েছেন সপ্তম। ৬৮৫ স্কোর করে মিঠু রহমান ১৬তম, ৬৮০ পয়েন্ট পাওয়া হিমু বাছারের অবস্থান ২৪তম। ৬৭৯ পয়েন্ট পেয়ে মোহাম্মদ সোহেল হয়েছেন ২৫তম। এই রাউন্ডে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।
এদিকে পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের মিঠু রহমান ও নেওয়াজ আহমেদ রাকিব প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। তবে সোহেল রানা ও হিমু বাছার হেরে গেছেন।