থাইল্যান্ডে বাংলাদেশ সোনার হাসি হেসেই চলেছে। দিনের শুরুতে রিকার্ভ মিশ্র ইভেন্টে রোমান সানা ও নাসরিন আক্তার ভারতের আর্চারদের হারিয়ে সোনা জেতেন। তাদের পথ ধরে আরও একটি সোনার পদক এসেছে। আজ (শনিবার) রিকার্ভ মেয়েদের দলীয় ইভেন্টেও ভারতকে হারিয়ে দ্বিতীয় সোনা জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে খেলেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা। এই ত্রয়ী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ৫-৪ সেট পয়েন্টে হারিয়েছেন ভারতের পুনিয়া, রিধি ও তানিশাকে।
প্রথম সেটে ৪৭-৪৮ পয়েন্টে ভারত জেতে। বাংলাদেশ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ ৬০-৫৬ পয়েন্টে জিতে এগিয়ে যায়। চতুর্থ সেটে আবার ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরায়।
এরপর টাইব্রেকে বাংলাদেশ পঞ্চম সেট ২৮-২৭ পয়েন্টে জিতে সোনার পদক অর্জন করে।
দিনের শেষ ইভেন্টে রিকার্ভ মেয়েদের এককে অল বাংলাদেশ ফাইনাল হবে। সেখানে দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার সোনার পদকের জন্য লড়বেন। সেক্ষেত্রে বাংলাদেশের তিনটি সোনার পদক নিশ্চিত হলো।