বিশ্ব অ্যাথলেটিকসের সেমিফাইনালে লন্ডন প্রবাসী ইমরানুর

লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানকে ঘিরে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। দেশে ফিরে দ্রুততম মানব হয়ে সবাইকে চমকেও দিয়েছিলেন ২৯ বছর বয়সী অ্যাথলেট। এবার বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে প্রথম অংশ নিয়েই ইমরানুর ৬০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন।

সার্বিয়ার বেলগ্রেডে শনিবার (১৯ মার্চ) এই ইভেন্টের পঞ্চম হিটে ইমরানুর ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে সেমিফাইনালে জায়গা করে নেন। এই ইভেন্টে এই হিটেই দৌড়ান টোকিও অলিম্পিকে ১০০ মিটারে দ্রুততম মানব সোনাজয়ী মার্চেল ইয়াকবস।

হিটে প্রথম হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইতালির অ্যাথলেট। তিনি সময় নেন ৬.৫৩ সেকেন্ড। দক্ষিণ এশিয়ান গেমসে দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাইদ ৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে সপ্তম হন।

দৌড় শেষ হতেই ধারাভাষ্যকারদের কণ্ঠে বাংলাদেশের ইমরানুরের প্রশংসা করতে শোনা গেছে।