ইরাককে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ 

আগের দিন বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ইরাক। জম্পেস লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। কিন্তু বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না তারা। তিনটি লোনাসহ ইরাককে ৫৫-৩৫ পয়েন্টে হারিয়ে স্বাগতিকরা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে।

নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বুধবার শুরু থেকে বাংলাদেশ আধিপত্য দেখাতে থাকে। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ইরাক ১০-১০ পয়েন্টে সমতা নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু আরদুজ্জামান-তুহিন-রাজিবদের প্রতিরোধের মুখে পরে আর পেরে ওঠেনি।

প্রথমার্ধে তাদের দুবার অল আউট করে বাংলাদেশ ৩০-১৭ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পরও স্বাগতিকদের দাপট অব্যাহত থাকে। জয় নিয়েও মাঠ ছেড়েছে। ম্যাচসেরা হয়েছেন স্বাগতিকদের জাকির হোসেন।

দিনের অন্য প্রথম সেমিফাইনালে কেনিয়া ৪৯-২৯ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল বৃহস্পতিবার ট্রফির জন্য লড়াই করবে কেনিয়া। গতবারও এ দুটি দল ফাইনালে খেলেছিল।