বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পপুলার লাইফ ইনস্যুরেন্স এর পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার থেকে শুরু হওয়া চারদিন ব্যাপী ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জয় পেয়েছে ওয়ারী ক্লাব ও বাংলাদেশ আনসার।
এক নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় ওয়ারী ক্লাব ৩-০ সেটে (২৫-১১, ২৫-০৫ ও ২৫-১০ পয়েন্ট) পরাজিত করে বাংলাদেশ পুলিশ দলকে। দুই নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ আনসার ৩-০ সেটে (২৫-০৬, ২৫-০৩ ও ২৫-০৭ পয়েন্ট) হারায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিওএ'র উপমহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স এর প্রতিনিধি আলমগীর ফিরোজ, মহিলা ভলিবল টুর্নামেন্ট কমিটির সহসভাপতি নয়না চৌধুরী, সম্পাদক নিবেদীতা দাস।
আগামীকাল শনিবার মোট চারটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ খেলবে বাংলাদেশ পুলিশের সঙ্গে। একই সময়ে বিইউপি মাঠে নামবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। এরপর বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে আরও দুটি খেলা। ওয়ারী খেলবে ভিকারুন্নিসার বিপক্ষে। আর বাংলাদেশ আনসার বিইউপি'র মুখোমুখি হবে।
/আরএম/এমআর/