জাতীয় দলের ক্যাম্পে থাকার সময় বিকেএসপিতে হার্ডলার তামান্না আক্তারকে প্রথম দেখা। প্রথম দেখাতেই চারবারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলের ভালো লেগে যায় তাকে। একসময় ভালো লাগার কথা প্রকাশও করে ফেলেন। সাড়া পেতে দেরিও হয়নি। দীর্ঘ চার বছরের ভালোবাসার সম্পর্ক এবার গড়ালো বিয়েতে।
শুক্রবার রাতে ঢাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইসমাইল-তামান্না। অনুষ্ঠানে অ্যাথলেটিকস অঙ্গনের অনেকেই ছিলেন। নব দম্পতি দুজনেই আবার নৌবাহিনীর অ্যাথলেট।
ইসমাইল চারবারের দ্রুততম মানব। সবশেষ লন্ডন প্রবাসী ইমরানুরের কাছে হেরেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে অনেক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে তার।
তামান্না হার্ডলস ছাড়াও ১০০ মিটার ও ৪০০ মিটার রিলেতে নিয়মিত অংশ নিয়ে থাকেন। লাল-সবুজ দলের হয়ে ট্র্যাকে দৌড়ানোর অভিজ্ঞতা তারও কম নয়।
জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে ইসমাইল-তামান্না দম্পতি সবার কাছে দোয়া চেয়েছেন। ইসমাইল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আট বছর আগে প্রথম দেখে তামান্নাকে ভালো লেগে যায়। ভালো লাগার কথা বলেও ফেলি। এবার সম্পর্কটা আরও জোড়ালো করে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’