এক বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন শাহজাহান হামিদ ববি। ক্রীড়াঙ্গনে যিনি ববি হামিদ নামে বেশি পরিচিত। বুধবার সকালে ইহলোক ত্যাগ করেছেন সাবেক এই ফুটবল ও হ্যান্ডবল খেলোয়াড়। ৫৮ বছর বয়সী ক্রীড়াবিদ রাজধানীর সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
তাকে বাদ আসর বনানী ডিওএইচএস মসজিদে জানাযার পর বনানী কবর স্থানে দাফন করার কথা রয়েছে। ববি হামিদের মা কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। তার বড় ছেলে ও ববির বড় ভাই জাতীয় দলের সাবেক তারকা ডিফেন্ডার কায়সার হামিদ। বাবা ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি।
ছোট ছেলের মৃত্যুতে শোকাভিভূত রানী হামিদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত বছর ব্রেন টিউমার রোগটি ধরা পরে। এরপর থেকে চিকিৎসার মধ্যে ছিল। আজ সবাইকে ছেড়ে চলে গেল।’
ছোট ভাইকে হারিয়ে বড় ভাই কায়সার হামিদও বাকরুদ্ধ, ‘ববি জাতীয় হ্যান্ডবল দলে খেলেছে। এছাড়া ঢাকা লিগে ৯০ দশকের শুরুতে মোহামেডানর বিপক্ষে ওয়ারীর হয়ে একটি গোলও আছে। সেই গোলে মোহামেডানে আমরা ম্যাচ হেরেছিলাম। ও খেলতো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। ওর জন্য সবাই দোয়া করবেন।’