পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালে আজ (রবিবার) দুটি ডিসিপ্লিন অনুষ্ঠিত হয়েছে। সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন মাঝহারুল ইসলাম মিথুন এবং দাবায় সেরা মাহবুব আলম খান।
আজ দুপুর ১টায় আইভি রহমান সুইমিং পুলে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মিথুন। এছাড়া যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল রানার-আপ এবং চ্যানেল আই অনলাইনের সাজ্জাদ খান তৃতীয় স্থান অর্জন করেন।
দাবা ডিসিপ্লিনে রামিন তালুকদারকে হারিয়ে ফ্রিল্যান্সার মাহবুব চ্যাম্পিয়ন হয়েছেন। দ্য ডেইলি স্টারের রামিন তালুকদার হন রানার-আপ এবং ঢাকা পোষ্টের আরাফাত জোবায়ের হয়েছেন তৃতীয়।