টেবিল টেনিসে বিদেশি কোচ দেওয়ার আশ্বাস

জুলাইয়ের শেষ দিকে আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। অথচ এতবড় ইভেন্টকে সামনে রেখে স্থানীয় কোচ দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে টেবিল টেনিস ফেডারেশনকে। আপাতত মোহাম্মদ আলীর অধীনে খেলোয়াড়রা অনুশীলন করে যাচ্ছেন। কিন্তু মান উন্নয়নে সেটি মোটেও যথেষ্ট নয়। তাই হৃদয়-মৌদের জন্য সুখবর দিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি আশ্বাস দিয়েছেন, শিগগিরই টেবিল-টেনিস খেলোয়াড়রা বিদেশি কোচ পেতে যাচ্ছেন।   

যুব ও ক্রীড়া সচিব আবার একাধারে অফিসার্স ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদকও। শুক্রবার এই ক্লাবটির সদস্যদের খেলার জন্য বোর্ড দিয়েছে টেবিল টেনিস ফেডারেশন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর ভালো কোচের প্রয়োজনীয়তা তুলে ধরেন, ‘ধারাবাহিক প্রশিক্ষণের সুফল পাচ্ছে টেবিল টেনিস দল। গত বছর অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ফল করেছে, ৪২টি দেশের মধ্যে ২০তম হয়েছে। এছাড়া সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টুর্নামেন্টে স্বর্ণপদক অর্জন করেছে। তবে আরও ভালো ফলের জন্য এখন আন্তর্জাতিক মানের একজন কোচ ও দুইজন প্রশিক্ষণ সহযোগীর প্রয়োজন রয়েছে।’

ফেডারেশনের সহ-সভাপতির কথার পরেই মেজবাহ উদ্দিন এই আবেদনে সারা দিয়ে বলেছেন, ‘টেবিল টেনিস জাতীয় দলের জন্য ভালো মানের একজন বিদেশি কোচ ও প্র্যাকটিস পার্টনারের ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, শেখ মো. জাহাঙ্গীর আলম, সদস্য আসাদুজ্জামান বাদশা ও জাতীয় দলের কোচ মোহাম্মদ আলীসহ বার্মিংহাম গেমসে অংশগ্রহণকারী জাতীয় দলের খেলোয়াড়রা।