২০০ মিটারে দ্বিতীয় সেরা টাইমিংয়ে শেরিকার স্বর্ণ

বিশ্ব অ্যাথলেটিকসে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিংয়ের জন্ম দিয়েছেন শেরিকা জ্যাকসন। ২১.৪৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন জ্যামাইকার এই স্প্রিন্টার। আর ০.১১ সেকেন্ড হলেই ৩৪ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করতে পারতেন তিনি। ১৯৮৮ সালে ইতিহাসের সেরা টাইমিংটি গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ জোয়নার। তিনি সময় নেন ২১.৩৪ সেকেন্ড। 
   
দ্বিতীয় হয়েছেন ১০০ মিটারে কিছুদিন আগে সোনা জেতা জ্যাকসনের স্বদেশি শেলি অ্যান ফ্রেজার প্রাইস। তার সময় লেগেছে ২১/৮১ সেকেন্ড। 

টোকিও অলিম্পিকে ২০০ মিটার সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ জ্যাকসন এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই বছর তিনিই বিশ্বের দ্রুততম। ফাইনালেও জায়গা করে নিয়েছেন দ্রুততম হিসেবে। 

২০০ মিটারে জীবিত হিসেবে জ্যাকসনই এখন বিশ্বের দ্রুততম মানবী। সেজন্য আলাদা গর্বও হচ্ছে তার, ‘অনুভূতিটা অসাধারণ। শেষ পর্যন্ত সফল হয়ে দেখাতে পেরেছি। এখন আমি জীবিত দ্রুততম মানবী।’