দক্ষিণ এশিয়া দ্রুততম মানব-মানবী শ্রীলঙ্কান

১২তম এসএ গেমসের দ্রুততম মানব ও মানবী হয়েছেন শ্রীলঙ্কার হিমাশা এশান ও রুমেশিখা রত্নানায়েকে। পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে হিমাশা এশান ১০.২৮ রেকর্ড টাইমিং নিয়ে স্বর্ণ জিতেছেন। এশানকে তেমন প্রতিদ্বন্দিতার মধ্যে পড়তে হয়নি। তবে ১০০ মিটার মহিলা স্প্রিন্টে অবশ্য প্রতিদ্বন্দ্বিতাটা হয়েছে হাড্ডাহাড্ডি। রত্নানায়েকে ১১.৭১ টাইমিং নিয়ে দ্রুততম মানবী হয়েছেন। মাত্র ০০.০১ সেকেন্ড বেশি নিয়ে ভারতের শ্রাবণী নন্দা রৌপ্য ও চান্দ ০০.০৪ সেকেন্ড বেশিতে ব্রোঞ্জ জিতেছেন।এসএ গেমস
১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী মেজবাহ আহমেদ। শুরুটা বেশ ভালোই ছিল বাংলাদেশের দ্রুততম মানবের। ৬০ মিটার পর্যন্ত ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ছিলেন। শেষ ৪০ মিটারে পিছিয়ে পড়ে ব্রোঞ্জ পদক হারান। ১০.৮২ ( সেকেন্ড) টাইমিং নিয়ে মেজবাহ চতুর্থ হয়েছেন। 

মহিলা ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগী ছিলেন দুই জন। দ্রুততম মানবী শিরিন আক্তার ও সোহাগী আক্তার। আন্তর্জাতিক পর্যায়ে প্রথম মিটেই অবশ্য চমক দেখিয়েছেন সোহাগী। ১০০ মিটার স্প্রিন্টে (১২.৩৭) পঞ্চম হয়েছেন। পেছনে ফেলেছেন নিজ দেশের দ্রুততম মানবী শিরিনকে (১২.৪৭)। 

/এমআর/