কুয়েতে এশিয়ান যুব অ্যাথলেটিকসের ফাইনালে বাংলাদেশ

কুয়েতে চতুর্থ এশিয়ান যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশের সারজিল হাসান খান। 

রাজধানী কুয়েত সিটিতে বৃহস্পতিবার ৪০০ মিটারের হিটে ৫১.৫৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়ে ফাইনালে জায়গা করে নেন বিকেএসপির এই স্প্রিন্টার। কাল শুক্রবার সকালে হবে ফাইনাল ইভেন্ট।

সারজিল পারলেও পরের পর্বে উঠতে পারেননি আরেক স্প্রিন্টার আরিফ বিল্লাহ। ১০০ মিটার স্প্রিন্টে ১১.৫০ সেকেন্ড সময় নিয়ে হিটে সপ্তম হয়েছেন বিকেএসপির আরেক এই অ্যাথলেট। অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান তথ্যের নিশ্চয়তা দিয়েছেন। দুজনেরই আবার ২০০ মিটার স্প্রিন্টে অংশ নেওয়ার কথা আছে।