নিষেধাজ্ঞা মাথায় নিয়েও চ্যাম্পিয়ন তারা!

লন্ডনে কমনওয়েলথ গেমস বাদ দিয়ে ঘুরতে যাওয়ার অভিযোগে কঠোর শাস্তি পেয়েছেন সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে দুই বছর ও ঘরোয়া টুর্নামেন্টে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এই বছরের ঘরোয়া টুর্নামেন্ট ও লিগের জন্য শাস্তিটি কার্যকর ছিল না। সেটি কার্যকর হতো আগামী বছর। তার পরেও নিষেধাজ্ঞার শাস্তি মাথায় নিয়ে সোমা-মৌ চমকই দেখিয়েছেন। মহানগরী লিগে প্রথমবারের মতো পুলিশ দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা।

পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে বুধবার লিগের শেষ ম্যাচে পুলিশ দল ৩-১ সেটে জাহাঙ্গীর কিল্ডার্সকে হারিয়ে শিরোপা জিতেছে। এই দলটিতে সোমা-মৌ ছাড়াও খেলেছেন নওরিন সুলতানা মাহি।

লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সোনাম সুলতানা সোমা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা দেড় মাস অনুশীলন করতে পারিনি। ঝড় বয়ে গেছে সবার ওপর। বলতে পারেন নিষেধাজ্ঞা মাথায় নিয়ে খেলতে হয়েছে। অল্প প্রস্তুতিতে চ্যাম্পিয়ন হয়েছি, এখন খুশি সবাই।’

আবাহনী লিমিটেডের হয়ে অনেকবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে সোমা-মৌর। এবার নতুন দলের হয়ে শিরোপার স্বাদ পেয়েছেন। তার পরেও চ্যাম্পিয়ন হয়ে নিষেধাজ্ঞার বিষয়টিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করলেন সোমা, ‘নিষেধাজ্ঞা মাথায় নিয়ে খেললেও অনেকে মনে করেছিল চ্যাম্পিয়ন হতে পারবো না। আমরাও একটু চিন্তার মধ্যে ছিলাম। তবে লিগে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। ১১টি ম্যাচই জিতেছি। এর মাধ্যমে যারা আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে, তাদেরকে জবাবও দেওয়া হলো। আমরা যে সেরা, তা আবারও প্রমাণ হলো।’