নারী কাবাডিতে নতুন যুগের শুরু

‘ক্রিকেট-ফুটবলে মেয়েরা ভালো পারিশ্রমিক পাচ্ছে, কাবাডিতেও হবে’

উৎসবমুখর পরিবেশে রবিবার (২২ জানুয়ারি) পর্দা উঠেছে করপোরেট নারী কাবাডি লিগের। ৬ দলের লিগে প্রথম ম্যাচে ঢাকা টুয়েলভ ৩৫-২০ পয়েন্টে হারায় মতলব থান্ডারকে।

জাতীয় কাবাডি স্টেডিয়ামে ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মেয়েদের করপোরেট লিগ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও করপোরেট নারী লিগের ভাইস চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হকসহ অন্যরা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘করপোরেট লিগ নারী জাতীয় কাবাডি দলের জন্য শক্তিশালী পাইপলাইন হতে পারে। এটা নিয়মিত রাখতে পারলে দেশের কাবাডির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

কাবাডি ফেডারেশনের সভাপতি ও মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আশাবাদী কণ্ঠে বলেন, ‘ক্রিকেট, ফুটবলে মেয়েরা ভালো পারিশ্রমিক পাচ্ছে। করপোরেট লিগ হওয়ায় কাবাডির মেয়েরাও আর্থিকভাবে লাভবান হবে। এতে মেয়েরা কাবাডির প্রতিও আগ্রহী হবে। তখন পর্যাপ্ত খেলোয়াড় পাওয়া গেলে সেখান থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটাবে।’