করপোরেট নারী কাবাডিতে নরসিংদী লিজেন্ডসের স্বপ্ন ভঙ্গ হয়েছে। জাতীয় কাবাডি স্টেডিয়ামে টেকনো মিডিয়ার বিপক্ষে রবিবার (২৯ জানুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে ২৪-১৮ পয়েন্টে হেরে ফাইনালে যেতে পারেনি জিয়াউর রহমানের দল।
টেকনো মিডিয়ার ম্যাচসেরা স্মৃতি আক্তার ও কচি মণ্ডলের অসাধারণ নৈপূণ্যে প্রথম মিনিট থেকেই পিছিয়ে পড়ে নরসিংদী। প্রথমার্ধে দলটি পিছিয়ে ছিল ১৬-৮ পয়েন্টে।
বিরতির পর চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি দলটি, বরং শেষ ১৫ মিনিট কৌশলী খেলে আধিপত্য ধরে রেখে মাঠ ছাড়ে বাদশা মিয়ার শিষ্যরা।
ফিরতি পর্বে দুর্দান্ত খেলে টেকনো মিডিয়া, ৩১ জানুয়ারি ফাইনাল খেলবে ঢাকা টুয়েলভের বিপক্ষে। ব্রিজ ফার্মার ঢাকা টুয়েলভ প্রথম লীগে জিতলেও ফিরতি ম্যাচে টেকনো মিডিয়ার কাছে হেরেছিল।