নিষেধাজ্ঞার কারণে দেশসেরা আর্চার রোমান সানা সুযোগ পাননি এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ ওয়ান টুর্নামেন্টে। তাকে ছাড়াই আজ সোমবার মধ্যরাতে চাইনিজ তাইপেতে যাচ্ছে বাংলাদেশ আর্চারি দল।
১৬ মার্চ থেকে চাইনিজ তাইপেতে শুরু হবে এশিয়ার অন্যতম শীর্ষ টুর্নামেন্টটি। ১০ ইভেন্টের এই প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নেবে ৭টিতে- রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক ও কম্পাউন্ড মিশ্র দলগত।
বুধবার টুর্নামেন্টের টিম ম্যানেজার্স মিটিং, ইকুইপমেন্ট ইন্সপেকশন ও অফিসিয়াল প্র্যাকটিস হবে। বৃহস্পতিবার হবে কোয়ালিফিকেশন রাউন্ড।
বাংলাদেশ দল: মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রাম কৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।
প্রধান কোচ: মার্টিন ফ্রেডরিক ও কোচ: মোহাম্মদ হাসান