বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

দেশের ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিতে ডা. অনুপম হোসেনকে সভাপতি এবং মো. সামসুল ইসলামকে সম্পাদক করে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন। শুক্রবার অ্যাসোসিয়েশনের আহবায়ক ডা. অনুপম হোসেনের সভাপতিত্বে রাজধানীর একটি হোটেলে এর সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে এদেশের প্রয়াত প্রথিতযশা ক্রীড়া ভাষ্যকার আবদুল হামিদ, মোহাম্মদ শাহজাহান, তৌফিক আজিজ খাঁন, বদরুল হুদা চৌধুরী, মঞ্জুর হাসান মিন্টু, নুর আহমেদ, খোদা বকশ মৃধা, মোহাম্মদ মুসা, আতাউল হক মল্লিকসহ প্রমুখদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা বেতার, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত ক্রীড়া ধারাবর্ণনার মান নিয়ে বিশেষভাবে আলোচনা করেন এবং এসব গণমাধ্যমে মানসম্মত ক্রীড়া ধারাবর্ণনা সম্প্রচারের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বেতার ও টেলিভিশনে ক্রীড়া ভাষ্যকারদের সম্মানী সম্মানজনকভাবে বৃদ্ধি করার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দেশের ক্রীড়া উন্নয়নে ভাষ্যকারদের সামগ্রিক ভূমিকা বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।

সাধারণ সভায় শেষলগ্নে এসে অনুষ্ঠিত হয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এতে সভায় উপস্থিত সকলের পূর্ণ সমর্থনে ডা. অনুপম হোসেনকে সভাপতি এবং মো. সামসুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দু’বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

অ্যাসোসিয়েশেনের অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. পলাশ খাঁন ও এস এম আব্দুস শাকুর, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিলুর রহমান, অর্থ সম্পাদক তামান্না সিদ্দিকি। নির্বাহী সদস্যরা হলেন – কাজল সরকার, মোহাম্মদ কামরুজ্জামান, শাওন আহসানুর রহমান, ডা. আনোয়ারুল আলম, জান্নাতুল ফেরদৌস, মুজাহিদুর রহমান, মো. আমানুল্লাহ সরকার এবং মো. রবিউল ইসলাম।