কিরগিজস্তানের ইসিককুল ওপেন দাবার ক্যাটাগরি ’এ’ তে দ্বাদশ স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়। ফিদে মাস্টার মনন রেজা নীড় ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানের জন্য টাই করে টাই-ব্রেকিং পদ্ধতিতে দ্বাদশ হন। বৃহস্পতিবার অনুষ্ঠিত দশম তথা শেষ রাউন্ডের খেলায় মনন রেজা নীড় তুর্কমেনিস্তানের মহিলা ফিদে মাস্টার ওভেজদুরদিয়েভা জেমালকে হারিয়েছেন।
এই ইভেন্ট হতে মনন রেজা নীড় ১১৪ ফিদে রেটিং বৃদ্ধি করেছেন। বর্তমানে তার রেটিং ২২৩৫। গত এপ্রিলে ২৩০০ রেটিং বৃদ্ধি হয়েছিল মননের। তবে তা কমে গিয়ে এখন আবারও বৃদ্ধি পাচ্ছে। সাত পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে উজবেকস্তানের আন্তর্জাতিক মাস্টার খোরশেভ নিকিতা চ্যাম্পিয়ন, ভারতের ফিদে মাস্টার আরধ্য গার্গ রানার-আপ ও ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপোর মাউসদ তৃতীয় হয়েছেন। ১২টি দেশের ৭ জন গ্র্যান্ডমাস্টার, ১০জন আন্তর্জাতিক মাস্টার ও ২জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৪১ জন খেলোয়াড় এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন।
এশিয়ান স্কুল দাবায় খুশবু চতুর্থ
উজবেকস্তানের তাসখন্দ শহরে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের ব্লিটজ দাবায় বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ৪র্থ স্থান অর্জন করেছেন। বৃহস্পতিবার মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ৭ খেলায় ৫ পয়েন্ট পেয়ে রৌপ্য পদকের জন্য টাই করে টাইব্রেকিংয়ে চতুর্থ হন। ৭ পয়েন্ট পেয়ে উজবেকস্তানের নুরুল্লায়েভা দিলনোজা এই ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন। এর আগে এবারের এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৩ মূল ইভেন্ট স্ট্যান্ডার্ড দাবায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণ পদক এবং র্যাপিড দাবায় রৌপ্য পদক জিতেছেন।