ডেঙ্গুর কারণে ব্যাংককে খেলা হলো না সুর কৃষ্ণর

অনেক দিন ধরেই অনুশীলন করে আসছেন দেশের সেরা বক্সার সুর কৃষ্ণ চাকমা। পেশাদার বক্সিংয়ে ষষ্ঠ ম্যাচে রিংয়ে নামবেন। থাইল্যান্ডের ব্যাংককে ২৯ জুলাই খেলা, সবকিছুই ঠিক ছিল। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুর কৃষ্ণের সবকিছু বদলে গেলো। ব্যাংককে আর খেলা হলো না!

১৪ জুলাই ব্যাংককে গিয়ে সেখানে আগেভাগে অনুশীলন করার কথা সুর কৃষ্ণের। টিকিটও কনফার্ম করা ছিল। কিন্তু বিধিবাম। ঠিক দুই দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হতে হয়েছে তাকে। হাসপাতালের বিছানায় চারদিন থাকতে হয়েছে। এমনকি প্লাটিলেটও কমে গিয়েছিল। তবে ভাগ্য ভালো যে বড় কোনও জটিলতার মধ্যে যেতে হয়নি। এখন সুস্থ হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন।

তবে ব্যাংককে  খেলতে না পারার আফসোস রয়েই গেছে সুর কৃষ্ণের। এমনিতে আগে ৫টি পেশাদার ম্যাচ খেলে সবকটিতেই জয় আছে তার। ব্যাংককে স্বাগতিকদের এক প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়ের প্রত্যাশা ছিল। কিন্তু ডেঙ্গুর কারণে ম্যাচই খেলা হলো না। 

বাংলা ট্রিবিউনকে সুর কৃষ্ণ তাই আফসোস করে বলেছেন, ‘ব্যাংককে সবঠিক থাকলেও ডেঙ্গুর কারণে খেলা হলো না। এমনিতে আমাদের ম্যাচ কয়েক মাস পরপর হয়। এখন ওখানে খেলতে পারলে নিজের জয়ের প্রত্যাশা তো ছিলই। এখন কী আর করার। ডাক্তাররা বিশ্রাম নিতে বলেছে। আগামী মাসে আবার নতুন করে অনুশীলন করবো।’

সেপ্টেম্বরে ঢাকায় আরও একটি পেশাদার ইভেন্ট রয়েছে। সেখানে এখন চোখ সুর কৃষ্ণের।