জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন রামহিম। প্রথম খেলোয়াড় হিসেবে বালক একক ও পুরুষ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। দুটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন রামহিম। গতকাল বালক এককের ফাইনালে নাফিসকে ৪-০ সেটে হারিয়েছিলেন তিনি। আজ পুরুষ এককের ফাইনালে একই ব্যবধানে হারিয়েছেন ইমনকে।
এদিকে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ। তিনি ৪-৩ সেটে হারিয়েছেন সোনাম সুলতানা সোমাকে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুইজনের মাঝে। দারুণ জমে উঠেছিল এই ম্যাচ। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসেন মৌ।
মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় ও খৈ খৈ জুটি। তারা ৩-১ সেটে হারিয়েছেন রামহিম ও ঐশী জুটিকে। হৃদয় ও খৈ খৈ প্রথম সেট হারলেও পরের তিন সেট টানা জিতে শিরোপা নিশ্চিত করেন।
পুরুষ দ্বৈতের ফাইনালে হৃদয় ও সজীব জুটিকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাসিব ও হাশেম হাসিব জুটি। তারা প্রথম দুই সেট জিতে নিলেও তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন হৃদয় ও সজীব। কিন্তু চতুর্থ সেটে কোনও সুযোগ না দিয়ে শেষ হাসি হাসেন হাসিব ও হাশেম।